রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশা (২০) গ্রেপ্তার হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
ঘটনার পর থেকে আয়েশা ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ঝালকাঠির দিকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে শনাক্ত করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহতদের মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের ৭ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় বাসায় গৃহকর্মী আয়েশা একাই ছিলেন। সে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়। রাতে নিহতের স্বামী শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় একমাত্র আসামি গৃহকর্মী আয়েশা
পুলিশ জানিয়েছে, আয়েশাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মোটিভ ও পুরো ঘটনা জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































