সদস্য সচিব সালাউদ্দিন খান-newsedge24

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম)-এর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু। গত ৪ আগস্ট (সোমবার) রাতে তিনি নিজের ফেসবুক পোস্টে এই কর্মকাণ্ডকে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।

খায়রুন নাহার খানম মিরু অভিযোগ করেন, সালাউদ্দিন খান আহ্বায়কের সাথে কোনো পরামর্শ বা সমন্বয় না করে দলীয় প্যাড ব্যবহার করে একক স্বাক্ষরে সাঁথিয়া উপজেলা বিএনপির আওতাধীন ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগর আউয়াল লালু এবং কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু সাইদকে বহিষ্কারের চিঠি প্রদান করেছেন। এই পদক্ষেপকে দলীয় গঠনতন্ত্রের লঙ্ঘন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ফেসবুক পোস্টে খায়রুন নাহার খানম মিরু বলেন, সদস্য সচিবের এই কর্মকাণ্ড দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহ্বায়কের অনুমতি ছাড়া দলীয় প্যাড ব্যবহার করে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি ইতোমধ্যে পাবনা জেলা বিএনপি কমিটির সাথে এ বিষয়ে আলোচনা করেছেন এবং সালাউদ্দিন খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সাঁথিয়া উপজেলা, ভূলবাড়িয়া এবং কাশিনাথপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতাকর্মীরা সালাউদ্দিন খানের এই কর্মকাণ্ডকে দল ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সাংবাদিকদের সাথে আলাপকালে খায়রুন নাহার খানম মিরু বলেন, “সদস্য সচিব সালাউদ্দিন খানের কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। তিনি হয়তো আহ্বায়ক কমিটির ক্ষমতা বিধি ও কার্যক্রম সম্পর্কে অবগত নন। আমি পাবনা জেলা কমিটির সাথে আলোচনা করেছি, এবং তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সাঁথিয়া উপজেলা বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা এই বিষয়ে জেলা কমিটির দ্রুত পদক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *