বিএনপি-BNP-flag-newsedge4

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আজ মঙ্গলবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, “আমরা গতকালকে দেখেছি যে, জামায়াতের আমির চট্টগ্রামে একটি সমাবেশে বলেছেন, কর্নেল অলি আহমদ সবার আগে ‘উই রিভোল্ট’ বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন মুক্তিযুদ্ধের ইতিহাস একটি মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা—এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি উনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি ‘উই রিভোল্ট’ বলেছেন। সুতরাং ইতিহাসের যেটি অনিবার্য সত্য, সেটাকে সবার ধারণ করা উচিত।”

তিনি আরও বলেন, “বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতাযুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেকেই অনেক শহীদের রক্ত এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিলেন। সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে উপস্থাপন করতে হবে এবং সেটি হওয়া উচিত। তা বাংলাদেশের সবার প্রত্যাশা। সুতরাং ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়।”

আরও পড়ুন: ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল চট্টগ্রামের এক সমাবেশে বলেছেন, কর্নেল অলি আহমদ সবার আগে ‘উই রিভোল্ট’ বলে চিৎকার করে উঠেছিলেন। এই বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। বিএনপি নেতারা বলছেন, এটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *