উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার এক বা দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। আগামী এক মাসের মধ্যে তারা শুধু অকৃতকার্য বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
আজ শনিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এদিন এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মাহদী আমিন বলেন, সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরের বছরের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি চাইলে সব বিষয়েও অংশ নেওয়ার সুযোগ থাকে।
তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে তার শিক্ষাজীবনের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়, যোগ করেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তিনি বলেন, আমরা প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছি, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। এজন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এর আগে শনিবার বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































