শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল-newsedge24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি কর্তৃক নিয়োগ পাওয়া সাব-কন্ট্রাক্টরের পাওনা ৯০ কোটি টাকা পরিশোধ না করায় চারজন দক্ষিণ কোরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত এই নির্দেশ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, দক্ষিণ কোরিয়ার নাগরিক কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম এবং বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। আদালত পরবর্তী তারিখের মধ্যে আপস-সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন।

এর আগে, প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী ঢাকা মহানগর আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়েছে যে, তাদের প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্টে কাজ দেওয়া হলেও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। মামলাটি এক বছর আগে দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন: বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কারণ জানতে চাইলেন মিলন

জানা যায়, প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেড সাব-কন্ট্রাক্টর হিসেবে থার্ড টার্মিনাল-৩, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট কার্গো টার্মিনাল (ইসিটি), ইম্পোর্ট কার্গো টার্মিনাল (আইসিটি) এবং অন্যান্য ইউটিলিটি ভবন যেমন আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশন, আরএফএফএস মেইন বিল্ডিংয়ে কাজ সম্পাদন করেছে। এই প্রকল্পের কাজে জড়িত থাকলেও পাওনা অর্থ না পাওয়ায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *