ফিতরা-newsedge24

ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ২,৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুফতি আবদুল মালেক সাংবাদিকদের ফিতরার হার জানান।

ফিতরার হার ও পণ্যভিত্তিক বিস্তারিত

ইসলামী শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী নিম্নোক্ত পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন:

  • গম বা আটা: অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা (সর্বনিম্ন ফিতরা)
  • যব: এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা
  • খেজুর: এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৪৭৫ টাকা
  • কিশমিশ: এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৬৪০ টাকা
  • পনির: এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা (সর্বোচ্চ ফিতরা)

এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য থাকায় স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে জানান মুফতি আবদুল মালেক।

আরও পড়ুন: ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু

ফিতরা আদায়ের নিয়ম

কোনো ব্যক্তি ঈদের দিন সুবহে সাদিকের সময় নেসাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *