নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা পুলিশ দেখে বলছেন, “ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।”
ব্যানারে শেখ হাসিনার ছবি ও স্লোগান
মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল— ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’। ব্যানারের একপাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যপাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি ছিল।
মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বেইজিং সফরে ঘোষণা হচ্ছে তৃতীয় যৌথ ইশতেহার
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ভিডিওটি দেখা হয়েছে। তবে এটি আজকের না আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই চলছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সকালে মিছিলের তথ্য পেয়েছেন এবং পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।






























































































































































































































































































































































