শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
রোববার দুপুরে র্যাবের এক বার্তায় জানানো হয়, এ ঘটনায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রনজিনা পারভীন গতকাল রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছানোর সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
ঘটনাস্থল থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































