আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিগুলো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্বে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিজভী কমিটির আহ্বায়ক এবং হাবিব উন নবী খান সোহেল সদস্যসচিব।
কর্মসূচির তারিখ
- ৭ ডিসেম্বর: উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ৮ ডিসেম্বর: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
- ৯ ডিসেম্বর: স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
- ১০ ডিসেম্বর: স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
- ১১ ডিসেম্বর: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ১৩ ডিসেম্বর: স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
কর্মসূচিগুলো বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের উদ্যোগে পৃথকভাবে অনুষ্ঠিত হবে। প্রতিটি দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান।
রিজভী বলেন, “এই কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করছি। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমরা জনগণের সামনে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরব।”
কমিটির অন্য সদস্যরা হলেন: ডা. জিয়াউদ্দিন হায়দার, মাহদী আমীন, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারি, শাহেআলম, আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এস এম জিলানী, রাজীব আহসান, হাসান জাফির তুহীন, শহীদুল ইসলাম বাবুল, রাকিবুল ইসলাম, নাছির উদ্দীন নাছির, সেলিম রেজা, কাজী আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, কৃষিবিদ ড. আবদুল মজিদ ও কামরুল ইসলাম।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































