নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হতে পারে। গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে মোট ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: তিতাসের নতুন কূপ থেকে পাওয়া যাবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপে মোট কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় দেশের জ্বালানি সরবরাহে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, এই কূপ খনন প্রকল্পের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্য রয়েছে। পরীক্ষা শেষে ফলাফল ইতিবাচক হলে দ্রুত উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হবে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































