লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজুকে হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৫ মে, ২০২৫) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৪ মে, ২০২৫) দুপুরে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে আশরাফ উদ্দিন রাজন রাজুকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেন এএসআই প্রদীপ চন্দ্র শীল ও আরজু। রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কয়েকশ নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে এবং রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। এ সময় বিক্ষোভকারীরা রাজুর পক্ষে শ্লোগান দেয়।
খবর পেয়ে ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাজুর নিকটআত্মীয় জেএসডির যুব পরিষদ নেতা খোকন হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শনিবার রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে এএসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা দায়ের করেন। রাতেই চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস,সেম্ভু চন্দ্র দাস, মো. মিলন, আব্দুর রহিম, নুর আলম, আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন এবং ইরা দাস গ্রেপ্তারকৃতরা চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা এবং রাজুর অনুসারী বলে পুলিশ জানায়। রোববার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
ওসি তৌহিদুল ইসলাম জানান, রাজু ডেভিল হান্টের আসামি ছিলেন। পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভুল বুঝিয়ে জড়ো হয়ে রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এএসআই প্রদীপকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে, তবে তদন্ত কমিটি গঠনের বিষয়ে তিনি জানেন না। সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, রাজুকে ধরতে পুলিশি অভিযান চলছে। হ্যান্ডকাপটি স্থানীয়রা পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছে।






























































































































































































































































































































































