প্রশাসনকে ‘আন্ডারে নেওয়ার’ বিতর্কিত বক্তব্যের পর এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর।
গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলীতে জনসংযোগকালে দেওয়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়: “খবরদার, খবরদার! আমি শাহজাহান চৌধুরী। যারা আমাকে চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে…। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমার চোখের পানি বৃথা যায়নি। আমি ১৮ বছরে ৯ বছর জেল খেটেছি। টাকা-পয়সা, পরিবার দেখিনি। আমি স্বার্থপর নই। দুইবারের এমপি হয়েও এক কড়া জমি নিইনি।”
বিতর্ক ও শোকজ
গত ২২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতের নির্বাচনী সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেছিলেন: “প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশ আমার পিছনে পিছনে হাঁটবে।”
এই বক্তব্যের জেরে গত ২৫ নভেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয় তাকে। নোটিশে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: জামায়াত নেতা শাহজাহানের বক্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
নতুন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, নতুন এই ভিডিওটিও দলের কাছে পৌঁছেছে এবং শোকজের জবাবের সঙ্গে এটিও বিবেচনায় নেওয়া হতে পারে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































