নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি-newsedge24

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৯ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে।

আহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক ও রাজধানীর মিরপুরের বাসিন্দা ফিরুজ মিয়া (৪৫), গাড়ির মালিক খলিল মিয়া (৪৮), এবং মৃত ব্যক্তির স্বজন ও পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (৩০), ছালেক মিয়া (৫০), নাহিদ মিয়া (৩৩), মো. আলমগীর মিয়া (৪৫), মো. সালাউদ্দিন (৩০), আলেয়া বেগম (৫০) এবং আলী নেওয়াজ মিয়া (৪৯)।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব ছবদর আলী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে তাঁকে রাজধানীর মিরপুরের আহসানিয়া ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে নাসিরনগরের উদ্দেশে রওনা হন। রাত ১টার দিকে তিলপাড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে। তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর করে এবং মৃতদেহের ওপর হামলা চালায়। এ সময় যাত্রীদের পিটিয়ে নারীসহ ৯ জনকে আহত করে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাত দলটি অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের কাছ থেকে ১০টি মুঠোফোন এবং প্রায় অর্ধ লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে।

ছবদর আলীর ছেলে ও পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, “টাকা-পয়সা ও মোবাইল লুট করেছে, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। বাবার লাশ দাফনের পর আইনি পদক্ষেপ নেব।” স্থানীয় বাসিন্দা মো. মুসলে উদ্দিন জানান, “ভোর, সকাল ও সন্ধ্যায় এই সড়কটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়। এখানে কিছুদিন পরপর ডাকাতি হয়, বিশেষ করে রাতের বেলায় বেশি।”

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, “এই এলাকাটি ঝুঁকিপূর্ণ। রাতে এই সড়কে চলাচলকারীদের পুলিশ প্রটোকল নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে এসেছিল, তারা এই বিষয়ে জানত না, তাই ডাকাতির কবলে পড়েছে। ঘটনার কিছুক্ষণ পর পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়, তবে ডাকাতরা হাওর দিয়ে পালিয়ে যায়।” নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, “খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *