আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে ব্যাপক নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা থেকে নগরীর র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এতে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
আজকের কর্মসূচি
- বেলা সাড়ে ১১টা: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা।
- বিকেল ৪টা: ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশ।
- সাড়ে ৫টা: কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে সমাবেশ।
- সন্ধ্যা ৭টা: সোয়াগাজী ডিগবাজির মাঠে সমাবেশ।
- সাড়ে ৭টা: দাউদকান্দি ঈদগাঁ মাঠে সমাবেশ।
- রাত সাড়ে ১১টা: কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশ।
চট্টগ্রামে বর্ণাঢ্য সংবর্ধনা
গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হাজার হাজার নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। ২০ বছর পর তার এ সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম শহর এখন উৎসবমুখর।
তারেক রহমানের এই নির্বাচনী প্রচার যাত্রা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































