গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই বাড়ির বসতঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়ার তিন সন্তান, স্ত্রী ও শ্যালক।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ফোরকান মিয়া নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































