কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীরা হলেন চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম (১৪) এবং বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানান, মঙ্গলবার স্কুলে বাংলা প্রথম পত্রের শ্রেণি মূল্যায়ন পরীক্ষা ছিল। এই পরীক্ষায় অংশ নিতে ফারিয়া, আদ্রিতা এবং হিমা বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন। পথে ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। চরটেকী নামাপাড়া এলাকায় পৌঁছালে বজ্রপাতের কবলে পড়েন তারা। ফারিয়া এবং আদ্রিতা ঘটনাস্থলেই মারা যান, আর হিমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে-আলম খান জানান, ফারিয়া এবং আদ্রিতাকে হাসপাতালে আনার সময়ই মৃত ঘোষণা করা হয়। হিমাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “এই ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। আমরা পরিবারগুলোর পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”






























































































































































































































































































































































