নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে প্রায় আধা ঘণ্টা বারান্দায় অপেক্ষা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অফিসে পৌঁছে প্রতিমন্ত্রী দেখেন, নির্ধারিত সময় সকাল ৯টা হলেও কার্যালয় বন্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন কর্মচারী এসে অফিসের তালা খোলেন। এরপর সহকারী কর্মকর্তা নায়েব মো. নাছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র যাচাই করেন প্রতিমন্ত্রী। পরে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতাদের দুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
ব্যারিস্টার কায়সার কামাল জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় অফিসে আসেন। নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সেবাগ্রহীতারা অফিসে এসে নানা অভিযোগ তুলে ধরেন। সব অভিযোগ যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































