চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন চৌধুরী বলেন, “পর্যাপ্ত মজুত রয়েছে। ইনশাআল্লাহ, আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না।”
অভিযান ও উদ্ধার:
- ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালিত হয়েছে।
- ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
- উদ্ধারকৃত অবৈধ জ্বালানি: ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার, পেট্রল ৮৭ হাজার ৯৫৯ লিটার এবং ফার্নেস অয়েল ৪৮ হাজার ৫০০ লিটার। মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার।
বর্তমান মজুত:
- ডিজেল: ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন
- অকটেন: ৩১ হাজার ৮২১ মেট্রিক টন
- পেট্রল: ১৮ হাজার ২১১ মেট্রিক টন
- ফার্নেস অয়েল: ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন
- জেট ফুয়েল: ১৮ হাজার ২২৩ মেট্রিক টন
যুগ্মসচিব বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসে সমন্বয় করা হয়েছে। আগামী মাসে দাম পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে। পেট্রল পাম্পে অতিরিক্ত ভিড় শুধু ঢাকায় দেখা যাচ্ছে, প্যানিক বায়িংয়ের প্রয়োজন নেই। শিল্প কারখানায় ডিজেল সরবরাহে কোনো ঘাটতি নেই। বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































