চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দুপুরে নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে জাকির সম্রাট-৩ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ দুই লঞ্চের করে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ বীন ইবনে আকবর জানান, ক্ষতিগ্রস্ত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করা হয়েছে। লঞ্চে তল্লাশি চলছে এবং কয়েকজন কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝালকাঠি জেলা পুলিশ ও নৌপুলিশ লঞ্চঘাটে উপস্থিত রয়েছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































