সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ-newsedge4

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিব ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এই দুই যুবককে হস্তান্তর করা হয়।

আটক যুবকরা হলেন—পাটগ্রাম উপজেলার রহমতপুর হাটিয়ারভিটা গ্রামের মোস্তাফিজ রহমানের ছেলে মাহফুজ ইসলাম ইমন এবং বগুড়ার মহাস্থানগড় এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ওই দুই যুবক ভারতীয় চা বাগানে প্রবেশ করেন। সেখানে তারা মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন বলেন, “বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ আটক দুই বাংলাদেশি যুবককে হস্তান্তর করে।”

পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *