শনিবার (৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংগাতী গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে এবং বিএনপির এরশাদ চৌধুরীর সমর্থক ছিলেন। এই ঘটনায় নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, সিংগাতী এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির মাসুম চৌধুরী গ্রুপ এবং এরশাদ চৌধুরীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ৩০ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে আজিজুর রহমান চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলাম জানান, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আজিজুর রহমান চৌধুরীর মরদেহ গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।






























































































































































































































































































































































