জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের ইনাতনগর গ্রামের পাশে শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের স্থায়ী বাসা চাঁদপুরের দোয়ালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে সেঁজুতি ট্রাভেলসের (নিবন্ধন নম্বর: ১৫-৬০৮২) একটি এসি বাস ভাড়া করে রওনা দেন। মোট ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বাসে। সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মনজুরা ও আয়েশা নিহত হন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ থানা পুলিশ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি এখনও খাদ থেকে উত্তোলন করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে ১০-১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে উল্টে আছে। ফায়ার সার্ভিস টিম নিহতদের উদ্ধার করেছে। বাসটি উত্তোলনের কাজ চলছে।”































































































































































































































































































































































