ছুরিকাঘাতে ছেলেকে হত্যা-newsedge24

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজারে নিজ দোকানে বসে থাকা অবস্থায় আনোয়ার হোসেন (৫০) নামে এক কনফেকশনারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে ইউছুফ (প্রবাসফেরত) দোকানে ঢুকে প্রথমে আনোয়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে দোকানের ভেতরে ডেকে নিয়ে বুকে ও পেটে একাধিকবার কোপান তিনি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারীর ছেলে। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। অভিযুক্ত ইউছুফ একসময় প্রবাসে ছিলেন, দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ইউছুফকে গ্রেফতারে অভিযান চলছে।” স্থানীয়রা জানান, দুই পরিবারের মধ্যে পূর্বের কোনো বড় ধরনের বিরোধের কথা তাদের জানা নেই। তবে কী নিয়ে এই হঠাৎ ঝগড়া হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *