জুয়েল হাসান সাদ্দাম-newsedge24

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, “আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন।”

জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ।

পুলিশ ও পরিবারের ধারণা, বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন। সাদ্দামকে দেখানোর জন্য মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। প্যারোলে সাদ্দামকে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জামিন আদেশের পর সাদ্দামের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা এখনো চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *