জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শারমীন জাহান (খাদিজা) এর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত শারমীন জাহান চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। তার স্বামী ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন এবং পরিবারকে জানান। সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই বাসা থেকেই শারমীনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন গণমাধ্যমকে বলেন, “ঘটনার পরপরই নিহতের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। গতকাল রোববার দিবাগত রাতে শারমীনের চাচা মনিরুল ইসলামের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
পাঁচ দিনের রিমান্ড চেয়ে ফাহিমকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।






























































































































































































































































































































































