চট্টগ্রামের আনোয়ারায় অপহৃত একটি মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা:
- মো. জাহেদ (২৩), আনোয়ারা সদর
- মো. ইমন (১৯), বরুমছড়া
- নুরুল কবির (৫৫), তৈলারদ্বীপ
- নুরুল মোমিন আরাফাত (২৮), তৈলারদ্বীপ
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে ‘হিউম্যান হলার’ মিনিবাসটি ভাড়া নেয় চক্রের সদস্যরা। বরুমছড়া এলাকায় পৌঁছানোর পর দেশীয় অস্ত্রের মুখে চালক মো. শহিদুল ইসলাম ও দুই হেলপারকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে গাড়ির মালিকের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশের দ্রুত অভিযানে উত্তর বরুমছড়া জামিয়া নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






























































































































































































































































































































































