রাজধানীর দারুস সালাম থানার দ্বীপনগর এলাকায় শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম তানভীর বলে জানা গেছে, তবে অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, নিহতরা ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী’।
দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল গণমাধ্যমকে জানান, “গতকাল (৩০ মে) দ্বীপনগরে মাদকবিরোধী একটি বড় অভিযান পরিচালিত হয়, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ দুপুর ১২টার দিকে ওই দুই যুবক এলাকায় গেলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করে। গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। তবে, ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মধ্যে মাদক ব্যবসার বিরুদ্ধে ক্ষোভ এবং পূর্ববর্তী অভিযানের প্রভাব এই ঘটনাকে উসকে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।






























































































































































































































































































































































