মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া এলাকায় জয় সরকার (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি – তার তিন বন্ধু টিকটক বানানোর কথা বলে কৌশলে ঘর থেকে বের করে প্রতিপক্ষ সন্ত্রাসী বেকু হাসানের নেতৃত্বাধীন দলের হাতে তুলে দেয়।
বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে চৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত জমিতে এই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। জয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম জিকু মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন জুলিয়া বলেন, “১৪ মাস আগে প্রতিপক্ষ রাব্বি গংয়ের হামলায় আমার বাবা জামাল মিয়া পঙ্গু হয়েছেন, চাচা মুক্তার হোসেন হাতের কব্জি হারিয়েছেন। সেই মামলার বাদী হওয়ায় জয়ের ওপর একের পর এক হামলা হচ্ছিল। এবার তার বন্ধু স্বাধীন, পান্নু ও দেলোয়ার তাকে টিকটক বানানোর নাম করে বের করে হত্যাকারীদের কাছে তুলে দিয়েছে।”
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হত্যাকাণ্ডের পরপরই রাতে নিহতের ছোট বোন বাদী হয়ে বেকু হাসানসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”































































































































































































































































































































































