বিএনপি অঙ্গসংগঠন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির (৪৪) হত্যা মামলায় আরও এক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতের নাম রহিম। তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা মামলায় শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে মুসাব্বির হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮), মো. রিয়াজ (৩২) ও বিল্লাল।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরীপাড়ার হোটেল সুপার স্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে মুসাব্বিরকে হত্যার চেষ্টা চালায়। এতে মুসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মুছাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার
এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় ৪/৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযানের মাধ্যমে আরও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।































































































































































































































































































































































