রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) এই অভিযান পরিচালিত হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা ও মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। ডিবি ওয়ারী বিভাগের আরেকটি দল ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি রায়হানকে এবং অপর এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া, ডিবির মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও এলাকা থেকে মো. শাখাওয়াতকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি সাইবারের একটি দল শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির আরেকটি দল এডভোকেট আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। এই অভিযানগুলো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের অভিযোগ, ছাত্রলীগ গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে হত্যা, ধর্ষণ, নির্যাতন, ছাত্রাবাসে হয়রানি এবং দরপত্র কারচুপিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *