চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণভট্টের হাট এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মো. সেলিম নিহত হয়েছেন। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী ফেরদৌস আক্তারের বরাতে জানা গেছে, যুবদল নেতা মো. সেলিম একটি আত্মীয়ের জানাজা শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ঈষাণভট্টের হাট বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫-৬ জনের একটি দল, যাদের মধ্যে দুজন বোরকা পরা ছিল, তারা সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সেলিম ঘটনাস্থলেই মারা যান। হামলাকারীরা ঘটনার পর পালিয়ে যায়। ফেরদৌস আক্তার অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে দামা ইলিয়াস নামে একজন সন্ত্রাসী ছিলেন, এবং বাকিদের তিনি দেখলে চিনতে পারবেন।
আরও পড়ুন: কুমিল্লার মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঈষাণভট্টের হাট এলাকায় সেলিম (৪২) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” তিনি জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মুহাম্মদ রায়হান নামে একজন সন্ত্রাসীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে, পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করছে। ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। সেলিমের পরিবারও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।































































































































































































































































































































































