জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) বিকাল ৫টার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতার উপস্থিতিতে তিনি এই ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন।
জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের কথা উল্লেখ করা হয়। ঘোষণাপত্রে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, দুর্নীতি, গুম-খুন, মানবাধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে ধরা হয়।
ঘোষণাপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অদম্য সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। এই অভ্যুত্থানে প্রায় এক হাজার মানুষ শহীদ হন, অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্বের শিকার হন। এই ঘোষণাপত্রে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, তাদের পরিবার ও আহতদের সুরক্ষা এবং ফ্যাসিবাদী অপরাধের বিচারের দাবি জানানো হয়।
আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ঘোষণাপত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মানবাধিকারসম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































