ওবায়দুল কাদেরের-ছোট-ভাই-শাহাদাত-newsedge24

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনসহ দলটির অঙ্গসংগঠনের মোট নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় এদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আওয়ামী লীগের প্রচারপত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: আনিসুল হকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

৫৮ বছর বয়সী শাহাদাত হোসেন ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাজনীতির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু বিপুল ভোটে পরাজিত হন।

তার আরেক ভাই আব্দুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র। মির্জা চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী প্রার্থী শরীফ চৌধুরী পিপুলের পক্ষে ভোট দিয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শাহাদাত ও মির্জা স্বপরিবারে পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *