বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বুধবার সকাল সোয়া ১১টার পর আইসিটি-১ এই আদেশ দেন।
এদিন কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা সোয়া ১১টার পর তাদের এজলাসে পর্যায়ক্রমে তোলা হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ভিআইপি আসামিদের উপস্থিতিকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক এমপি শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আরও পড়ুন: কর্নেল রাজিবকে শেখ হাসিনার সরাসরি গুলি ছোড়ার নির্দেশ
প্রসিকিউশন গত ২০ জুলাই তদন্তের জন্য তিন মাস সময় চেয়েছিল, যা মঞ্জুর করে আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে প্রসিকিউশন আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চাইলে ট্রাইব্যুনাল আগামী ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন। এই মামলাগুলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে সম্পর্কিত, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































