জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রামের শরীফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদরের নারায়ণপুরের ময়েজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬২) এবং অজ্ঞাত পরিচয়ের এক নারী। আহতরা হলেন—নিহত আরিফা আক্তারের ছেলে আরশ (৭), জামালপুর সদরের নারায়ণপুরের মোহাম্মদ আব্দুল কাদিরের স্ত্রী রোকেয়া বেগম (৫০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে রাশেদ (১২), সরিষাবাড়ীর সানাকৈরের হায়দার আলীর স্ত্রী জয়তুন নেসা (৫০)। গুরুতর আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দিগপাইত মোড় এলাকায় স্থানীয়রা ভ্যানটি আটক করে। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, “দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, কিন্তু চালক পালিয়েছেন।”






























































































































































































































































































































































