টাকার বিনিময়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট করতে গিয়ে মো. রিয়াজ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তৈরি করা ভোটার কার্ড নিয়ে রিয়াজ মাগুরা পাসপোর্ট অফিসে যান। কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মায়ের নাম মোছা. শুকুরন খাতুন এবং ঠিকানা শ্রীপুরের আমতৈল গ্রাম দেখানো হয়। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে জাতীয় সার্ভারেও তথ্য সঠিক দেখায়। কিন্তু কথাবার্তায় অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেন, তিনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং ৩০ হাজার টাকার বিনিময়ে শ্রীপুরের একটি অসাধু চক্রের সহায়তায় ভুয়া এনআইডি তৈরি করিয়েছেন।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার বলেন, “কাগজপত্র সঠিক থাকলেও কথাবার্তায় গরমিল দেখে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এলাকায় একটি অসাধু চক্র এ কাজের সঙ্গে জড়িত। আরও তদন্ত হলে বড় তথ্য বেরিয়ে আসতে পারে।”
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমেই তার ভোটার আইডি তৈরি হয়েছে। কীভাবে রোহিঙ্গা যুবককের নামে এনআইডি হলো, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটক রিয়াজের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও জালিয়াতির মামলা প্রক্রিয়াধীন।































































































































































































































































































































































