উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানা বস্তাবন্দী করে পুকুরে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি আক্তারকে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
একইদিন রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে (নিশি বেগম) একমাত্র আসামি করা হয়েছে।
আকলিমা খাতুন জানান, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সরাসরি নির্দেশে মামলা করা হয়েছে। উপদেষ্টা মহোদয় ফোন করে বলেছেন, কুকুরছানা হত্যার এই অমানবিক ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এদিকে অভিযুক্ত পরিবারকে সরকারি গেজেটেড কোয়ার্টার ছাড়তে বাধ্য করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবারের মধ্যে কোয়ার্টার ছাড়ার লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা ইতোমধ্যে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।
আরও পড়ুন: পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে অস্ত্র হাতে যুবকের পরিচয় প্রকাশ
ঘটনার তদন্তে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি দল ঈশ্বরদীতে এসেছে।






























































































































































































































































































































































