আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা পৌঁছালে তাঁকে স্বাগত জানান— সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান।
সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিদেশি কূটনীতিকদের আস্থা অর্জন করেছে নির্বাচন কমিশন: সিইসি
প্রধান উপদেষ্টার এই নির্দেশনা আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর ভূমিকাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করার লক্ষ্যে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।






























































































































































































































































































































































