রাজধানীর পল্লবী থানাধীন ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি টিনশেড বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ এবং ২ বছর বয়সী ছেলে আসাদ।
বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিল। বিভিন্ন সমিতি ও ব্যক্তিগত উৎস থেকে ঋণ নিয়েছিলেন তারা। প্রতিদিনই ঋণের টাকা আদায়ের জন্য লোকজন বাসায় আসতো। এই হতাশা ও চাপ থেকে স্বামী-স্ত্রী শিশু সন্তানদের নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশীরা জানান, মোহাম্মদ মাসুম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি বিভিন্ন বাসায় কাজ করে সংসার চালাতেন। পরিবারটি অত্যন্ত অভাবী ছিল এবং ঋণের চক্রে পড়ে দিনাতিপাত করছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা বেশি মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে কোনো সন্দেহজনক বহিরাগতের উপস্থিতির প্রমাণ মেলেনি।






























































































































































































































































































































































