মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনুর শাহ তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। এই ঘটনা জানাজানি হলে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকাসহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দাঙ্গা রোধে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকার নিজ বাড়ি থেকে আমিনুরকে আটক করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিকালে আসামিপক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, আমিনুর শাহ সচেতনভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই হিংসাত্মক পোস্ট দিয়েছিলেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *