বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
জানা গেছে, ২০২৫-২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের বিভিন্ন ক্যাম্পে আটক রাখা হয়। দীর্ঘ সমন্বয় ও মানবিক বিবেচনায় বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়।
আজ বিজিবির প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের বুঝে নিয়ে টেকনাফ জেটিঘাটে আসে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় যাচাই করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।”































































































































































































































































































































































