রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, “আলহামদুলিল্লাহ, ১০০ শতাংশ খুশি। এই রায় বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।”
তিনি আরও বলেন, “কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বাংলাদেশের জনগণ যারা আমার ও আমার পরিবারের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এখন যত দ্রুত সম্ভব রায় কার্যকর করা হোক।”






























































































































































































































































































































































