দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে শুক্রবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে উত্তেজনাকর ঘটনা ঘটেছে। ধান কাটা ও মাড়াইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে। এর প্রতিবাদে স্থানীয় বাংলাদেশিরা দুই ভারতীয় কৃষককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকায়। আটক বাংলাদেশি কৃষকদের নাম এনামুল হক (৪৫), ধর্মজৈন এলাকার বাসিন্দা ও ইসরাইলের ছেলে, এবং মো. মাসুদ রানা (২২), বনগাঁও এলাকার এনামুলের ছেলে। অপরদিকে, বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের অবিনাশ টুডু (২০), সরেণ টুডুর ছেলে, এবং ফিলিপ সরেণ (৩০), লরদু সরেণের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল থেকে এনামুল হক, মাসুদ রানাসহ কয়েকজন বাংলাদেশি কৃষক ৩২০/৯ এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজেদের জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে তারা পিলারসংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই শুরু করেন। এ সময় বিএসএফ সদস্যরা এনামুল ও মাসুদকে ধরে নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে কারুলিয়াপাড়ার বাসিন্দারা ভারতীয় কৃষক অবিনাশ ও ফিলিপকে আটক করে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে তাদের বিজিবির হাতে সোপর্দ করা হয়।
ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম জানান, “সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে। আমরা বিএসএফের সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।”































































































































































































































































































































































