রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আজ শুক্রবার প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৪৯তম, গত বছর যা ছিল ১৬৩তম। দেশটির এ বছরের স্কোর ৩৩.৭১। ২০১৮ সালের পর এই প্রথম বাংলাদেশ সূচকে ১৫০-এর মধ্যে জায়গা করে নিয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত (১৫১তম), পাকিস্তান (১৫৮তম), এবং ভুটান (১৫২তম)-কে পিছনে ফেললেও নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম), এবং মালদ্বীপ (১০৪তম) এর চেয়ে পিছিয়ে আছে। তবে আরএসএফ জানিয়েছে, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এখনও ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অর্ধেক দেশে সাংবাদিকতার পরিবেশ ‘খারাপ’, এবং এক-চতুর্থাংশেরও কম দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’।
এদিকে, যুক্তরাষ্ট্র ১১ ধাপ পিছিয়ে ৫৭তম অবস্থানে রয়েছে। আরএসএফের মতে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘আশঙ্কাজনক অবনতি’ ঘটেছে, যা ‘স্বৈরাচারী মোড়ের’ ইঙ্গিত দেয়। সূচকের শীর্ষে টানা নবমবার রয়েছে নরওয়ে, এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































