সাতক্ষীরা সদর উপজেলার পার মাসখুলা গ্রামের অসহায় গৃহিণী আম্বিয়া খাতুনের একমাত্র আয়ের উৎস ফ্রিজিয়ান জাতের গরুটি ভুল চিকিৎসায় মারা যায়। এতে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এ অবস্থায় মানবতার ডাকে সাড়া দিয়ে ডক্টরস্ এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি তার পাশে দাঁড়িয়েছেন।
গত ১৫ এপ্রিল আম্বিয়া খাতুনের গরুটি অসুস্থ হলে স্থানীয় একটি এআই টেকনিশিয়ান মো. মফিজুল ইসলাম তাকে চিকিৎসা দেন। তবে ভুল চিকিৎসার কারণে গরুটির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং পরদিন ভোরে মারা যায়। গরুটি ছিল আম্বিয়ার পরিবারের প্রধান আয়ের উৎস। এর মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
সংবাদ মাধ্যমে আম্বিয়া খাতুনের করুণ কাহিনী দেখে ডক্টরস্ এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম ব্যথিত হন। তিনি সঙ্গে সঙ্গে আম্বিয়ার সঙ্গে যোগাযোগ করে একটি নতুন ফ্রিজিয়ান গরু কিনে দিয়ে তার পরিবারের আর্থিক নিরাপত্তা ফিরিয়ে দেন।
এ ঘটনায় সবাই ডক্টরস্ এগ্রোভেট লিমিটেডের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই বলেন, “এরকম উদ্যোগ সমাজে আরও বাড়ানো দরকার।”































































































































































































































































































































































