মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মাসুদ করিম। এ মামলায় ১০ জন আসামি খালাস পেয়েছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. আজিম উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিহাব প্রধান, রনি ব্যাপারী ও রাকিবুল হাসান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব প্রধান, অনিক ব্যাপারী, শামীম প্রধান, রায়হান ও জাহাঙ্গীর হোসেন। রায় ঘোষণার সময় শাকিব, শামীম ও রনি উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
আজিম উদ্দিন জানান, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আওলাদ হোসেন মিন্টু প্রধান, তার ভাই সাকিব এবং তাদের স্বজন ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এ পাঠানো হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আজ এই রায় ঘোষিত হলো।































































































































































































































































































































































