গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম মো. অলি, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের বাসিন্দা। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। কৌতূহলবশত ব্যাগ খুলে তারা খণ্ডিত মরদেহ দেখতে পান এবং টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ব্যাগ থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে, যার মধ্যে মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা এবং বাম পায়ের ঊরুর অংশ ছিল। মরদেহটি কালো পলিথিনে মোড়ানো ছিল।
আরও পড়ুন: কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু
ওসি ফরিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ২ থেকে ৩ দিন আগে মো. অলিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ টুকরো করে ব্যাগে ভরে টঙ্গীতে ফেলে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।































































































































































































































































































































































