পাবনা জেলার ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীদের লাঠির আঘাতে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহে অপবাদ দেন নিহতের ছেলে সালাম হোসেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারও বাকবিতণ্ডায় জড়ান সালাম ও তার ছোট ভাই পিন্টুর সঙ্গে স্থানীয় মজিদ হোসেন, আতিয়ার রহমানের ছেলে সুমন, ইয়াকুব এবং আব্দুল বারেক। বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হলে আয়েশা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল ঘিরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স. ম. আব্দুন নূর বলেন, “নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।































































































































































































































































































































































