বগুড়ার শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সাদিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন- সাদিয়া বেগম (২৫), তার ৭ মাসের ছেলে সাইফ এবং ৪ বছরের মেয়ে সাইফা। তিনজনের লাশই একই খাটের ওপর উদ্ধার করা হয়েছে। দুই শিশু সন্তানের গলা কাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো ছিল।
সাদিয়ার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শাহাদত হোসেন কাজল ঘরে ঢুকে স্ত্রী-সন্তানদের লাশ দেখে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান জানান, “তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলা কাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
আরও পড়ুন: আশরাফুল হত্যাকাণ্ডের পেছনের যে তথ্য জানালো র্যাব
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদতের সঙ্গে সাদিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরেই এই চরম পদক্ষেপ বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।






























































































































































































































































































































































