সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১৫ জন এবং নিশ্চিত হামে ২ জন শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৩০২ জন রোগী শনাক্ত হয়েছে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন।
দেড় মাসে মোট মৃত্যু ৩১১ স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ জন শিশু।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।












































































































































































































































































































































































































